বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় মৃত বাবাকে দেখতে এসে দুর্ঘটনায় ছেলের মৃত্যু 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় মৃত বাবাকে দেখতে এসে দুর্ঘটনায় ছেলের মৃত্যু 
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি

বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো প্রিয় মুখটি দেখার আকুতি নিয়ে ছুটে আসছিলেন ছেলে। কিন্তু পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনিও চলে গেলেন বাবার কাছে পরপারে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম নূর আলম জিকু (৪৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবরটি পাওয়ার পরপরই জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশে রওনা দেন। 

পথিমধ্যে মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান জিকু।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। 

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুষ্টিয়া-হ ১৬-৬৬৪৯ সিরিয়ালের মোটরসাইকেলের বাহক নুর আলম জিকু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান। 

একইদিনে প্রথমে বাবা এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের এমন নির্মম মৃত্যুর খবরে লালনগর গ্রামজুড়ে শোকের মাতম চলছে। পরিবারটিতে এখন স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর