বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৩

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৭৩
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়না আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে আরও ৭৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। 

বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ সাজেদুর রহমান। 

মৃত মায়না আক্তার নগরের বন্দর এলাকার বাসিন্দা। তিনি গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৮ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। 

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম মেডিকেলে। সেখানে ২৭ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৯ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১০ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে মোট ২ হাজার ৬২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ২৩০ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৯১ জন চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন মোট সাতজন।

বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ১৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪৩২ জন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর