বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি, পাবনা 
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পিএম

শেয়ার করুন:

ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে স্বামী-স্ত্রী নিহত

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় স্বপ্না খাতুন (৩৫) ও আনোয়ার মালিথা (৪০) নামে এক দম্পতি নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকার মৃত টুনি মালিথার ছেলে। স্বপ্না খাতুন তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার আনোয়ার মালিথার বড় ছেলে সিয়াম হোসেনের বিয়ের আয়োজন ছিল। এ উপলক্ষ্যে বুধবার বিকেলে স্ত্রী স্বপ্না খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঈশ্বরদী বাজারে বিয়ের বাজার করতে যান আনোয়ার মালিথা। বাজার শেষে সন্ধ্যায় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে নতুনহাট থেকে ঈশ্বরদী শহর অভিমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপ্না খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার মালিথাকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, ঈশ্বরদীর আলহাজ্ব মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও মর্মান্তিক। এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর