বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নকলায় পাখি শিকারের সরঞ্জামসহ ১০ বক উদ্ধার

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

শেয়ার করুন:

নকলায় পাখি শিকারের সরঞ্জামসহ ১০ বক উদ্ধার

শেরপুরের নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ পাখি শিকারির কাছ থেকে শিকারের সরঞ্জামসহ ১০টি বক উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা বকগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুর। শেরপুর বার্ড ক্লাব এবং প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা গ্রামের পাঁচ পাখি শিকারিকে ভবিষ্যতে বকসহ অন্যান্য পাখি শিকার না করার অঙ্গীকারনামায় স্বাক্ষর করানো হয়। অঙ্গীকার ভঙ্গ করে পুনরায় পাখি শিকার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। পরে তাদের নকলা উপজেলা যুবদলের সদস্যসচিব মুরাদুজ্জামান মাছুমের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনার সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ড লাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিন, শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন শাইনের নির্বাহী পরিচালক এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. মুগনিউর রহমান মনিসহ স্বেচ্ছাসেবী ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেরপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার বলেন, পাখি শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রকৃতি রক্ষা করা সবার দায়িত্ব। পাখিদের এভাবে ফাঁদ দিয়ে শিকার করা নিষিদ্ধ একটি কাজ।’

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর