সুনামগঞ্জ তাহিরপুর সীমান্ত দিয়ে ভারতের কয়লার গুহা থেকে কয়লা আনতে গিয়ে গুহার মাটি চাপায় ইউনুস আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্ত ফাঁড়ির লালঘাট-বাঁশতলা সীমান্ত এলাকার ওপারে ভারতের গারো পাহাড়ের চোরাই কয়লার গুহায় ঘটনাটি ঘটে।
নিহত ইউনুস সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ২নং ওয়াডের লালঘাট গ্রামের সমির উদ্দিনের ছেলে। এর পূর্ব চারাগাঁও সীমান্তেী সুরঙ্গ পথে অবৈধ ভবে ভারতে অনুপ্রবেশ করেন তিনি।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তের স্থানীয় একটি প্রভাবশালী ভারতীয় চোরাই কয়লা ব্যবসায়ী সিন্ডিকেট সীমান্তের হতদরিদ্র শ্রমজীবী মানুষদেরকে প্রলোভন দেখিয়ে কিশোর ও যুবকদের সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন ছোট ছোট সুরঙ্গ পথে অবৈধভাবে ভারতের কয়লার গুহায় পাঠায়।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোরে বিজিবির চোখ ফাঁকি দিয়ে ১০/১৫ জনের একটি কয়লা শ্রমিকের দল সুরঙ্গ পথ দিয়ে চোরাই কয়লা আনতে ভারতের কয়লা গুহার যায়। পরে কয়লার বস্তা নিয়ে গুহার ভিতর থেকে বেরিয়ে আসার পথে উপর থেকে মাটি ধসে ইউনুস আলীর উপরে পড়লে সে মাটির নিচে চাপা পড়ে। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহার থেকে বেরিয়ে এসে ইউনুস আলীর বাড়িতে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতা পরিবারের লোকজন দুপুর ১ টার দিকে ইউনুস আলীর মরদেহ গুহার ভেতর থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটানিয়ন বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, মৃত ব্যক্তির সঙ্গে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত নাম ও ঠিকানা সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ওই এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/এএইচ



