দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট, ইয়াবা এবং ভারতীয় ট্যাপেন্টাডল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যে বুধবার রাত ১২টা ১০ মিনিটে ধর্মজান বিওপির একটি দল দিনাজপুরের বিরল উপজেলার ছিটসুন্দরা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৩১৯/৬-এস থেকে প্রায় ৪৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ১৬০টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটে গোবিন্দপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভূটডাঙ্গী নদীরঘাট এলাকায় অভিযান চালান। সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় ১১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১৯টি ইয়াবা ও ২৭টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে রাত ১১টার দিকে পার্বতীপুর বিওপির সদস্যরা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভূটডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে ২৭টি ইয়াবা উদ্ধার করেন। ওই স্থানটি সীমান্ত পিলার ৩৪৫/১-আর থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।
একই সঙ্গে এসব মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ও পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




