বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তাদের কর্মস্থলে না পেয়ে বিকালে পৃথক অফিস আদেশে এই প্রশাসনিক ব্যবস্থা নেয় জেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। কিন্তু বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা ও অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে কর্মস্থলে পাওয়া যায়নি।
পরে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। একই দিন বিকালে পৃথক অফিস আদেশে তাদের বদলি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, উপ-সহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, ‘নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে অবহেলার প্রমাণ। অভিযোগের প্রেক্ষিতে দুজন কর্মচারীকে বুধবার বিকালে বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসনের নিয়মিত মনিটরিং কার্যক্রম হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন চলমান থাকবে।’
প্রতিনিধি/এএম




