সবুজ বাংলাদেশ গড়া, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চম্পকনগর মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন ‘তরী বাংলাদেশ’-এর বিজয়নগর উপজেলা শাখা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে চারা তুলে দেওয়া হয়। কর্মসূচিটি পরিচালনা করেন তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক মো. সাদেকুল ইসলাম ভুঁইয়া ও বিদ্যালয়ের শিক্ষক শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা ভুঁইয়া ও সুশান্ত পাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম এবং উপজেলা শাখার সদস্যসচিব আলমগীর হোসেন।

এ সময় সংগঠনের সদস্য কাজী লোকমান হোসেন, রুবেল মিয়া, শাহজাহান সরকার, কামরুল ইসলাম, জুনায়েদ হাসান, অপু চন্দ্র ও রুমেনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সোহেল রানা ভুঁইয়া বলেন, “পরিবেশ রক্ষার দায়িত্ব কোনো ব্যক্তি বা সংগঠনের একক দায়িত্ব নয়, এটি সম্মিলিত নৈতিক দায়বদ্ধতা। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মাধ্যমে বৃক্ষরোপণের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের দায়িত্ববোধও তাদের মধ্যে সঞ্চারিত করতে চাই।”

তিনি বলেন, পরিবেশ, নদী-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তরী বাংলাদেশের জনসম্পৃক্ততামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও জরুরি।
প্রতিনিধি/এসএস




