নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়গ্রাম বাজারে অভিযান চালানো হয়। এ সময় সোহেল হোসেনের দোকান থেকে অবৈধভাবে মজুত করা ৮ বস্তা সার জব্দ করা হয়। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপর ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকেও ৫৩ বস্তা সার জব্দ করা হয়। তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করা হয়। তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির অপরাধে তাদের অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




