বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

৫০০ লিটার অকটেন চেয়ে ডিপোর কর্মকর্তাকে হুমকি, সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ 
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম

শেয়ার করুন:

৫০০ লিটার অকটেন চেয়ে ডিপোর কর্মকর্তাকে হুমকি, সিদ্ধিরগঞ্জে গ্রেফতার ১
বিনামূল্যে অকটেন চেয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোর কর্মকর্তাকে হুমকির অভিযোগ গ্রেফতার রাশেদ আহম্মেদ (৫৪)

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর এক কর্মকর্তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন দাবি করার অভিযোগে দায়ের করা মামলায় রাশেদ আহম্মেদ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের এসও রোডস্থ মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মণ্ডলপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের গোদনাইল ডিপোর সহকারী মহাব্যবস্থাপক মো. মাহবুবর রহমানের নিয়ন্ত্রণাধীন ডিপো থেকে সংসদ সদস্যের পিএসের ব্যবহৃত গাড়ির জন্য প্রতি মাসে বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের দাবি করেন রাশেদ আহম্মেদ। প্রতি লিটার ১৪৫ টাকা হিসেবে ওই ৫০০ লিটার অকটেনের মূল্য দাঁড়ায় ৭২ হাজার ৫০০ টাকা।

অভিযোগ রয়েছে, বিনামূল্যে জ্বালানি তেল সরবরাহে অপারগতা প্রকাশ করায় রাশেদ বিভিন্ন সময় ওই কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় গত ২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক সাড়ে ১টার দিকে গোদনাইল মেঘনা ডিপোতে ওই কর্মকর্তা নিজ অফিস কক্ষে অবস্থানকালে রাশেদ অনধিকার প্রবেশ করে পুনরায় বিনামূল্যে ৫০০ লিটার অকটেন সরবরাহের জন্য চাপ প্রয়োগ করেন। এতে কর্মকর্তা অস্বীকৃতি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি ও হুমকি দেন এবং চাকরি থেকে সরে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে ভুক্তভোগী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এই ঘটনায় একটি নিয়মিত মামলা করা হয়।

মামলা দায়েরের পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানের ধারাবাহিকতায় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের এসও রোডস্থ মণ্ডলপাড়া এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি রাশেদ আহম্মেদকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর