মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝিনাইদহে বিএনপি নেতার ছেলেসহ তিন মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ 
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে বিএনপি নেতার ছেলেসহ তিন মাদক কারবারি আটক
আটককৃত তিন মাদক কারবারি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি নেতার ছেলেসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার কাশিপুর গ্রামের পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান লাল্টুর ছেলে ইউছুপ আলী, শহরের নিশ্চিন্তপুর গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে অবুঝ বিশ্বাস এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম।

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে ইউছুপ আলীকে ৭০ পিস ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে শহরের নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ অবুঝ বিশ্বাসকে এবং একই এলাকা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামকে আটক করা হয়।

তিনি আরও জানান, ইউছুপ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড। অবুঝ বিশ্বাস ও রবিউল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, আটক তিনজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর