মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

শেয়ার করুন:

জিয়ানগরে গ্যাসবাহী জাহাজ থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
গ্রেফতার মো. জিয়াউর রহমান (৪৫)। ছবি: সংগৃহীত

পিরোজপুরের জিয়ানগরে গ্যাসবাহী একটি জাহাজে অভিযান চালিয়ে ২৩৬টি ইয়াবা বড়ি ও মাদক বিক্রির ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জিয়াউর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান, সঞ্জীব ঢালী ও পলাশ সাহার নেতৃত্বে পুলিশের একটি দল টগড়া ফেরিঘাটসংলগ্ন কঁচা নদীতে নোঙর করে থাকা এমটি ডেলটা এলপিজি-১ নামের জাহাজে অভিযান চালায়।

পুলিশ জানায়, জাহাজের ক্রুদের সহায়তায় পুলিশ ভেতরে প্রবেশ করে। এ সময় জাহাজের আবাসিক অংশের দ্বিতীয় তলায় মাস্টার কেবিনের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান আত্মগোপনের চেষ্টা করেন। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, জিয়াউর রহমানের স্বীকারোক্তি অনুযায়ী মাস্টার কেবিনের বিছানার তোশকের নিচে তিনটি নীল রঙের বায়ুরোধী পলিব্যাগে রাখা ২৩৬টি ইয়াবা বড়ি পাওয়া যায়। একই কেবিনের আলমারির ড্রয়ার তল্লাশি করে মাদক বিক্রির ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার জিয়াউর রহমান চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. জেবল হকের ছেলে।

মঙ্গলবার সকালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত খান বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ৩।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

প্রতিনিধি/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর