মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি। ছবি: ঢাকা মেইল

বগুড়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সোয়াদ হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সদর উপজেলার খান্দার এলাকার নীলসাগর পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াদ ঠনঠনিয়া পশ্চিমপাড়া এলাকার স্যানিটারি মিস্ত্রি মো. কালামের একমাত্র ছেলে। সে স্থানীয় ঠনঠনিয়া নূরুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করত।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুরে ঠনঠনিয়া পশ্চিমপাড়া শাহী জামে মসজিদের পেছনের ঈদগাহ মাঠে দুই বন্ধু তানিম ও রাকিবের সঙ্গে খেলছিল সোয়াদ। খেলা শেষে দুপুর দুইটার দিকে তারা পাশের নীলসাগর পুকুরে গোসল করতে যায়।

সোয়াদ পুকুরে নামার পর সে পানির গভীরে চলে গেলে হঠাৎ তলিয়ে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা বন্ধুরা তাকে টেনে তোলার চেষ্টা করেও ব্যর্থ হয়।
 তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে সোয়াদকে উদ্ধার করেন। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোয়াদের বন্ধু রাকিব বলে, ‘আমরা একসঙ্গে খেলছিলাম। খেলার পর সোয়াদ পুকুরে নামলে পানির গভীরে তলিয়ে যেতে থাকে। আমরা তাকে বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। পরে ভয় পেয়ে বড়দের ডেকে আনি এবং তার মাকে খবর দিই।’

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, শিশু মৃত্যুর খবর শুনেছি। তবে নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কিছু জানানো হয়নি।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর