ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৃথক দুটি স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার ধানীখোলা ইউনিয়নের চরকুমারিয়া এলাকার তামিম মিয়ার স্ত্রী মার্জিয়া খাতুন (২২) ও ফুলবাড়িয়াউপজেলার রাধাকানাই গ্রামের আব্বাস আলীর ছেলে শহিদুল (৩৮)। শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবক বৈলর এলাকার শ্বশুরবাড়িতে বাড়িতে বসবাস করছিলেন। পেশায় তিনি শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে ত্রিশাল পৌর শহরের দরিরামপুর সাইফুল কমিশনারের বাড়ির সামনে একটি ভ্যানগাড়ি ইউটার্ণ নেয়ার সময় পিছন থেকে মার্জিয়া আক্তার পড়ে যায়। এসময় দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মার্জিয়া আক্তার মারা যায়।
অপরদিকে, ভোর সাড়ে ৫টার দিকে ত্রিশাল থানার সামনে বৈলর দারুত তাকওয়া হিফজ মাদ্রাসার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। এসময় একটি অ্যাম্বুলেন্স চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যায়।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ বলেন, ঘটনার পর দুটি মরদেহ উদ্ধার করা হয়। মার্জিয়া খাতুনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শহিদুলের মরদেহ এখনো পুলিশের হেফাজতে রয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/ এজে




