মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বৈধ পাসে মাছ ধরতে গিয়ে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায়, আটক ৭ জেলে

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

শেয়ার করুন:

বৈধ পাসে মাছ ধরতে গিয়ে সুন্দরবনের নিষিদ্ধ এলাকায়, আটক ৭ জেলে
বন বিভাগের স্মার্ট টিমের হাতে আটক সাত জেলে।

পূর্ব সুন্দরবনের নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছে বন বিভাগের স্মার্ট টিমের রক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জালসহ দুটি নৌকা জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য খাল থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।

আটক জেলেরা হলেন- আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।

শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সুপতি এলাকায় নিয়মিত টহলের সময় বাদামতলা খালে কয়েকজন জেলেকে মাছ ধরতে দেখা যায়। বাদামতলা খালটি অভয়ারণ্য ঘোষিত হওয়ায় সেখানে মাছ ধরার অপরাধে সাতজনকে আটক করা হয়।

তিনি জানান, আটক জেলেরা বন বিভাগ থেকে বৈধ পাস (অনুমতিপত্র) নিয়েই সুন্দরবনে মাছ ধরতে গিয়েছিলেন। তবে তারা অভয়ারণ্য ঘোষিত এলাকায় মাছ ধরছিলেন। এ সময় তাদের কাছ থেকে মাছ ধরার জাল ও অন্যান্য মালামালসহ দুটি নৌকা জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৈধ পাস থাকলেও অভয়ারণ্যে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সুন্দরবনের সব ধরনের অপরাধ দমনে বন বিভাগের নিয়মিত টহলের পাশাপাশি স্মার্ট টিমের টহলও জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর