ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে আদালতে মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন ভোলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম চৌধুরী (৫২)। মামলায় চারজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন মো. মামুন (২৩), মো. রিফাত (২৫), মো. আবদুল জলিল (৫০) ও মো. নাজির আহমেদ (৫৫)। মামলার আবেদনে তাদের ঠিকানা ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ি উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা সামিম আহমেদ নামের একটি ফেসবুক আইডিসহ আরও একাধিক আইডি ব্যবহার করে বিভিন্ন পোস্ট, লাইভ ও মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাঁর প্রয়াত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচার করেছেন।
অভিযোগকারী দাবি করেন, এসব পোস্টে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি এবং জনবিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এতে তিনি নিজেও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার নথিতে কথিত ঘটনার তারিখ ৩০ আগস্ট উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী এসব ফেসবুক পোস্টের স্ক্রিনশট, লিংক ও ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষণ করেছেন বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে এসব কর্মকাণ্ডের জন্য দণ্ডবিধির ৫০০, ৫০৪ ও ৫০৫ ধারায় অপরাধ সংঘটনের কথা উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী গোলাম কাদের মুনসুর বলেন, মামলাটি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়েছে। তবে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। মামলাটি পর্যালোচনা করে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে আদালত জানিয়েছেন।
প্রতিনিধি/এআর




