রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকা থেকে ডাকাত চক্রের প্রধান ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রায়ের বাজার এবং বসিলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিষয়টি জানিয়েছে র্যাব-২ এর উপ-পরিচালকের (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।
র্যাব-২ জানায়, সোমবার রাতে বসিলা রোড সংলগ্ন তিন রাস্তা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি চক্রের প্রধান মো. লিমন ওরফে রিমন (২০), মো. ইমন (২২), মো. রুবেল (২৬), আকাশ আরাফাত ছাইফ (২২) এবং মো. সোহেল ফরাজীকে (২০) একটি সামুরাইসহ গ্রেফতার করা হয়।
ডাকাত চক্রের পাঁচ সদস্য মোহাম্মদপুর থানায় একাধিক মামলার আসামি এবং অত্র এলাকায় ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
ডাকাতি চক্রের প্রধান মো. লিমন ওরফে রিমননের নামে মোহাম্মদপুর থানায় দ্রুত বিচার আইনে একটি এবং একটি জিআর মামলা রয়েছে। তার সহযোগী ইমনের মোহাম্মদপুর থানায় ডাকাতির একটি এবং একটি জিআর মামলা এবং রুবেলের নামে মোহাম্মদপুর থানায় মাদকের দুটি এবং একটি জিআর মামলা রয়েছে।
অন্যদিকে রায়ের বাজার এলাকায় ১২ মামলা ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসানকে (৩০) গ্রেফতার করা হয়। হাসানের মোহাম্মদপুর থানার ৫৭ নম্বর মামলায় দুই বছরের সাজা হয়। কিন্তু তিনি পলাতক ছিলেন।
হাসান দীর্ঘদিন মোহাম্মদপুর এলাকায় ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিলেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছয়টি মাদক, ছিনতাই ও ডাকাতির তিনটি এবং তিনটি জিআর মামলা রয়েছে।
এমআইকে/এএইচ




