পাবনার সাঁথিয়ায় একটি পুকুর থেকে আব্দুল আজিজ (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ ক্ষেতপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে। তিনি সোমবার (৭ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকাল নয়টার দিকে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে মাছের খাবার দিতে গিয়ে এক ব্যক্তি পানিতে মরদেহ ভাসতে দেখেন। পরে সাঁথিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুকুর থেকে আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/এসএস




