মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে গেল ফেরি, ৪ ঘণ্টা পর উদ্ধার

পদ্মা নদীর তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েক কিলোমিটার ভাটিতে ভেসে যায় রো-রো ফেরি ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’। প্রায় চার ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজের (আইটি) সহায়তায় ফেরিটিকে উদ্ধার করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে এনে নোঙর করা হয়। ফেরিতে থাকা সব যাত্রী ও যানবাহন নিরাপদ রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পদ্মা নদীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এ ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায় ফেরি ‘বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান’। দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটের কাছে পৌঁছালে ফেরিটি পদ্মার তীব্র স্রোতের কবলে পড়ে। এ সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর স্রোতের টানে ফেরিটি প্রায় দেড় থেকে দুই কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়।

মাঝনদীতে ফেরিটি ভেসে যাওয়ায় এতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিআইডব্লিউটিসি সূত্র আরও জানায়, ভেসে যাওয়ার সময় ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি পণ্যবাহী ট্রাক ও তিনটি ব্যক্তিগত গাড়িসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন।

খবর পেয়ে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে একটি আইটি (টাগবোট) জাহাজ দিয়ে ফেরিটিকে টেনে উদ্ধারের কাজ শুরু হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টা ১০ মিনিটের দিকে ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে এনে নোঙর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘পাটুরিয়া থেকে ছেড়ে আসার পর দৌলতদিয়া ঘাটের কাছে পৌঁছে তীব্র স্রোত ও যান্ত্রিক ত্রুটির কারণে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছুটা ভাটিতে চলে যায়। পরে বিআইডব্লিউটিসির উদ্ধারকারী আইটি জাহাজ দিয়ে টেনে ফেরিটিকে উদ্ধার করে পাটুরিয়া ঘাটে নিয়ে নোঙর করা হয়। ফেরিতে থাকা সব যাত্রী ও যানবাহন নিরাপদ রয়েছে।’

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর