ফরিদপুরের ভাঙ্গায় বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা এলাকায় একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পটুয়াখালীর তুষখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিসুর ও সালাউদ্দিন মোটরসাইকেলে করে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির বলেন, দুর্ঘটনার পর বাসের নিচে আটকে থাকা মোটরসাইকেল ও দুই আরোহীর মরদেহ প্রায় আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় বাসটি। এতে তাদের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস




