কক্সবাজারে ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় এক দম্পতিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার পাওয়ার হাউজসংলগ্ন উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি নির্মাণাধীন ভবনে এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন টেকনাফের দক্ষিণ হ্নীলার পশ্চিম পানখালী এলাকার শামসুল আলমের ছেলে আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং একই এলাকার জাফরুল ইসলামের ছেলে সায়মুন সরোয়ার (১৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী, সায়মুন ‘আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু’।
আরও পড়ুন: সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর হাজীপাড়া কবরস্থান গেটের সামনের একটি গলিতে শহিদুল্লাহর নির্মাণাধীন তিনতলা ভবনের নিচতলায় অভিযান চালানো হয়। সেখানে আশিক মোমেন মেহেদীর দখলীয় বসতঘরের একটি কাঠের বক্স খাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে আটটি প্যাকেটে ৮০ হাজার এবং আরও পাঁচটি প্যাকেটে ১০ হাজার ইয়াবা ছিল। এসব ইয়াবার মোট ওজন ৮ কেজি ৩৭০ গ্রাম।
অভিযানে ইয়াবার পাশাপাশি নগদ ৩৫ লাখ ২০ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে ১ হাজার টাকার ২ হাজার ৪৭৭টি নোট, ৫০০ টাকার ১ হাজার ৮০৭টি নোট, ২০০ টাকার ৪০০টি নোট, ১০০ টাকার ৫০০টি নোট এবং ৫০ টাকার ২০৬টি নোট রয়েছে।
এ ছাড়া গ্রেফতার তিনজনের ব্যবহৃত তিনটি মুঠোফোন, ইয়াবার প্যাকেটের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তিনটি খালি প্যাকেট, একটি তালা ও তিনটি চাবি জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মন্ডল জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




