সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

শেয়ার করুন:

এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার
গ্রেফতার পারভেজ ব্যাপারী। ছবি: ঢাকা মেইল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় নিজেকে র‍্যাব ও সেনাবাহিনীর মেজর-কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এক স্কুলছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার পর ধর্ষণ ও প্রতারণার অভিযোগে পারভেজ ব্যাপারী (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পিরোজপুরের কাউখালী ও বাগেরহাটের মোংলা থানা পুলিশের যৌথ অভিযানে সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পারভেজ খুলনা সদর এলাকার ২৩ নম্বর রোডের সাখাওয়াত ব্যাপারীর ছেলে। 

মামলা সূত্রে জানা গেছে, পারভেজ এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেকে র‍্যাব ও সেনাবাহিনীর মেজর, কর্নেলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। এভাবে পরিচয় দেওয়ার সূত্রে পিরোজপুরের এক স্কুলছাত্রীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। পরে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ সময় দেশের বিভিন্ন স্থানে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা অবস্থানও করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

সম্প্রতি প্রতারণার বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর মা নিলুফা বেগম কাউখালী থানায় মামলা করেন। মামলার পর পারভেজ খুলনা থেকে পালিয়ে মোংলায় গিয়ে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদে দুপুরে মোংলা পৌর শহরের বনফুল মিষ্টির দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, কাউখালী থানা পুলিশ পারভেজের মোংলায় অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোংলা থানা পুলিশকে অবহিত করে। পরে দুই থানার পুলিশের সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে কাউখালী থানা পুলিশ তাকে পিরোজপুরে নিয়ে যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক অনুসন্ধানে পারভেজের বিরুদ্ধে একই কৌশলে একাধিক নারীর সঙ্গে প্রতারণার তথ্য পাওয়া গেছে। এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর