সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ঝগড়া, পরে হিজড়াকে খুন!

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পিএম

শেয়ার করুন:

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় ঝগড়া, পরে হিজড়াকে খুন!
গ্রেফতার রনি ও নিহত মৌসুমি হিজড়া। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় আলোচিত মৌসুমি হিজড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মোমিন ওরফে শেখ রনিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে টাকা লুটের জন্য নয়, শারীরিক সম্পর্কে রাজি না হওয়াকে কেন্দ্র করে মৌসুমির সঙ্গে ঝগড়ার একপর্যায়ে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছেন রনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) নগরীর পাহাড়তলী এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়। ঘটনার দুই দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

গ্রেফতার রনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার পাঠানপাড়ায় ফাল্গুনী হিজড়ার কথিত স্বামী হিসেবে তার বাসায় থাকতেন।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, শনিবার ভোরে খুলশী এলাকার নিজ বাসা থেকে হিজড়াদের একটি গ্রুপের গুরুমা হিসেবে পরিচিত মৌসুমি হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন নিহতের বাবা রুস্তম আলী বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পায়। এতে শুক্রবার রাত ১টার দিকে এক যুবককে মৌসুমির ঘরে ঢুকতে এবং রাত ৩টার দিকে তাকে বের হয়ে যেতে দেখা যায়। পরে পুলিশ জানতে পারে, ওই যুবকই মোমিন ওরফে শেখ রনি।

আরও পড়ুন

দিনে দিনে ভয়ংকর হয়ে উঠছে হিজড়ারা

কলেজছাত্রকে আটকে নকল হিজড়ার কাণ্ড!

পুলিশ জানায়, রনি মৌসুমির পূর্বপরিচিত ছিলেন। এর আগেও তিনি বেশ কয়েকবার মৌসুমির বাসায় গিয়েছিলেন।

হত্যাকাণ্ডের আগের দিন মৌসুমি তার একটি গরু বিক্রি করেছিলেন। এ কারণে প্রাথমিকভাবে গরু বিক্রির টাকা লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ।

তবে রনিকে গ্রেফতারের পর পুলিশের কাছে দেওয়া তার প্রাথমিক বক্তব্যে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, মৌসুমি নিজেই ফোন করে রনিকে বাসায় ডেকে নেন। সেখানে তাকে শারীরিক সম্পর্কে জড়ানোর জন্য চাপ দেওয়া হয়। রনি এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি হয়।

একপর্যায়ে রনি পাশে থাকা একটি রশি দিয়ে মৌসুমির গলায় পেঁচিয়ে ধরেন। এতে কিছুক্ষণ পর তার মৃত্যু হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রনি।

পুলিশের দাবি, ঘটনার পর রনি মৌসুমির গরু বিক্রির টাকা ও ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে রাত ৩টার দিকে বাসা থেকে বের হয়ে যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, মোমিন ওরফে শেখ রনিকে মৌসুমি হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি নিয়ে কয়েকটি মোটিভ সামনে এসেছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত আরও পরিষ্কার হবে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর