সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রাতভর পাহারা, ভোরে উধাও বিশাল সেগুন গাছ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

শেয়ার করুন:

রাতভর পাহারা, ভোরে উধাও বিশাল সেগুন গাছ

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ভোররাতে বিশাল আকৃতির একটি সেগুন গাছ চুরির অভিযোগ উঠেছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উদ্যানের জানকিছড়া সংলগ্ন শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশ থেকে গাছটি কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা জানায়, গাছটির বেড় প্রায় ৭ ফুট এবং বাজারমূল্য এক লাখ টাকার বেশি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ ছাড়া এত বড় গাছ কেটে নিরাপদে সরিয়ে নেওয়া সহজ নয়।

তাদের আরও অভিযোগ, রাতে বন প্রহরী ও সিপিজি সদস্যদের নিয়মিত টহল ও দায়িত্ব পালনে গাফিলতির সুযোগেই গাছটি চুরি হয়ে থাকতে পারে।

2

ভানুগাছ বাজারের এক পথচারী বলেন, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি একটি হলুদ রঙের ট্রাক দ্রুতগতিতে উপজেলা চৌমুহনার দিকে যেতে দেখেন। ট্রাকটি ত্রিপল দিয়ে ঢাকা ছিল। এর ওপর লাল গেঞ্জি পরা এক ব্যক্তি বসে ছিলেন। ট্রাকটির সামনে মোটরসাইকেলে করে দুজনকেও যেতে দেখেছেন তিনি। তার ধারণা, তারা ট্রাকটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলেন।

বন বিভাগের সূত্রে জানা গেছে, রোববার রাতে জানকিছড়া ক্যাম্পের ফটকে দায়িত্বে ছিলেন বন প্রহরী বাবুল ও সিপিজি সদস্য বিজয় বাউরি। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকে বিট কর্মকর্তা নিজে টহল পুলিশের একটি দল নিয়ে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত অবস্থান করছিলেন।

এত নিরাপত্তার মধ্যেও সড়কের পাশ থেকে একটি বিশাল গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। গাছ কাটার সময় করাত বা অন্যান্য সরঞ্জামের শব্দ, গাছটি সরানোর কার্যক্রম এবং পরে ট্রাকে তোলার বিষয়টি কীভাবে নজর এড়িয়ে গেল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, একটি সেগুন গাছ চুরির বিষয়টি জানতে পেরেই আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হয়ে যাওয়া মূল্যবান সেগুন কাঠ উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বন বিভাগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ও দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর