সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সারের দাবিতে লালমনিরহাটে ফের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শেয়ার করুন:

সারের দাবিতে লালমনিরহাটে ফের মহাসড়ক অবরোধ
সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ। ছবি: ঢাকা মেইল

আমন মৌসুমের ভরা সময়ে প্রয়োজনীয় সার না পাওয়ার অভিযোগে আবারও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন লালমনিরহাটের কৃষকেরা। ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট সৃষ্টি, সিন্ডিকেট করে সার আটকে রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ তুলে তারা এ বিক্ষোভ করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের ফকিরের তকেয়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন কৃষকেরা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হয়।

বিক্ষুব্ধ কৃষকেরা জানান, আমন ধানের জমিতে সার প্রয়োগের গুরুত্বপূর্ণ সময় চলছে। কিন্তু কয়েক দিন ধরে ডিলারদের কাছে ঘুরেও চাহিদা অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। কোথাও সার পাওয়া গেলেও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। সময়মতো সার দিতে না পারায় ফসলের ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা।

কৃষক সপিকুল ইসলাম (৭০) অভিযোগ করে বলেন, ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করেছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে। প্রকৃত কৃষকেরা চাহিদামতো সার না পেলেও বেশি টাকা দিলে কালোবাজারে সার পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, এখন আমনের ভরা মৌসুম। জমিতে সারের খুব প্রয়োজন। সার সংগ্রহ করতেই যদি দিনের পর দিন চলে যায়, তাহলে খেতে কাজ করব কখন? সময়মতো সার না পেলে ফসলের উৎপাদন ব্যাহত হবে।

অপর কৃষক রহমান (৬০) বলেন, সরকার বলছে সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু ডিলারের দোকানে গেলে বলা হচ্ছে গুদামে সার নেই। অথচ বেশি দাম দিলে কালোবাজারে সার পাওয়া যাচ্ছে। এভাবে চলতে থাকলে কৃষক ও কৃষি—দুটিই ক্ষতিগ্রস্ত হবে।

অবরোধ চলাকালে কৃষকেরা সার সরবরাহ নিশ্চিত এবং কথিত সার সিন্ডিকেট বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে নিয়মিত ও ন্যায্যমূল্যে সার সরবরাহ এবং বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনিতা দাস, কৃষি বিভাগের কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ প্রশাসনের কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ ও দাবিগুলো শোনেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মতান্ত্রিকভাবে সার সরবরাহের আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। প্রায় এক ঘণ্টা পর কৃষকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস বলেন, সারের কোনো সংকট নেই। কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সার বিতরণে কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত রোববারও সার সংকট ও ডিলারদের বিরুদ্ধে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন কৃষকেরা। এক দিনের ব্যবধানে আবারও একই দাবিতে মহাসড়ক অবরোধের ঘটনায় জেলার সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে কৃষকদের ক্ষোভ আরও প্রকাশ্য হয়ে উঠেছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর