লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধ আসামি মোক্তার আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালত। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার এ রায় দেন। এসময় আসামি মোক্তার আলী আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালে ১১ বছর বয়সী ভুক্তভোগী পাটগ্রাম উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালান। অভিযুক্ত ব্যক্তি তাদের প্রতিবেশী হওয়ায় মেয়েটি তাকে ‘দাদু’ বলে ডাকত। সেই সুযোগ কাজে লাগিয়ে আসামি মেয়েটিকে সাতবার ধর্ষণ করলে সে ৪৯ দিনের অন্তঃসত্ত্বা হয়।
পরে বিষয়টি পরিবারকে জানালে মেয়েটির বাবা আলকাছ হোসেন ওই বছরের ২৬ মে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন।
মামলা রায়ে সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, এ রায়ে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং অপরাধ প্রবণতা কমে যাবে।
প্রতিনিধি/এলএ




