সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

হাতিয়ায় শ্রেণিকক্ষে বিদঘুটে গন্ধে অজ্ঞান ২৫ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

হাতিয়ায় শ্রেণিকক্ষে বিদঘুটে গন্ধে অজ্ঞান ২৫ শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক বিদঘুটে গন্ধে জ্ঞান হারিয়েছেন অন্তত ২৫ জন শিক্ষার্থী। পরে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা সবাই একই বিদ্যালয় শিক্ষার্থী।

হাসপাতালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফাতেমা বেগম (১২), নিপা আক্তার (১২), মেহেরাব উদ্দিন (১১), ফারহানা আক্তার (১২) , জামেলা বেগম (১৪), সুরাইয়া আক্তার (১৩), পারভিন আক্তার (১৫) সহ ১৫ জন। এদের সবার বাড়ি তমরদ্দি জোড়খালি গ্রামে।

স্থানীয়রা ও বিদ্যালয়ের সূত্রে জানা যায়, সকালে নিয়মিত পাঠদান শুরু হয় সকাল দশটায়। এরপর হঠাৎ ৬ষ্ঠ, সপ্তম ও ৯ম শ্রেণীর কয়েকজন ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। 

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব ডাক্তার মানসুরুল হক জানান, দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে মোট ১০ জনকে আনা হয়। এদের সবাইকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। তবে অনেকের এখনো জ্ঞান ফিরেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীমউদ্দিন জানান, প্রথমে যারা জ্ঞান হারান তাদের বাড়িতে যাওয়ার পর জ্ঞান ফিরে এসেছে। কিন্তু পরে যারা অজ্ঞান হন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরও জ্ঞান ফিরে আসেনি। তবে কি কারণে শিক্ষার্থীরা অজ্ঞান হয়েছেন তিনি কিছুই বলতে পারেননি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রবিউল ইসলাম নিলয় বলেন, অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা সংকটাপন্ন কিনা ১২ ঘন্টা হওয়ার পর বলা যাবে। এদের অনেকের জ্ঞান ফিরেনি। আমরা কিছু পরীক্ষা-নিরীক্ষা করতেছি। তবে রোগীর অভিভাবক এবং শিক্ষকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, শ্রেণিকক্ষে বিদঘুটে গন্ধের কারণে শিক্ষার্থীরা অজ্ঞান হয়ে পড়েন।

এদিকে অসুস্থ এসব শিক্ষার্থীকে দেখতে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন। 

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর