সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে দেড় শতাধিক ভর্তি

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে দেড় শতাধিক ভর্তি

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪২১ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন।

তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এ সময়ে নিশ্চিত বা সন্দেহজনক হাম রোগে কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৬ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ জন। এ ছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪২১ জনের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৯ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জে ৪০, মৌলভীবাজারে ২৬, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২১ এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন রোগী চিকিৎসাধীন।

অন্যান্য হাসপাতালের মধ্যে নর্থ ইস্ট হাসপাতালে ৫, ফেঞ্চুগঞ্জে ২, জকিগঞ্জে ১, কোম্পানীগঞ্জে ৩, বিয়ানীবাজারে ৫, গোলাপগঞ্জে ৬ এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৩৬৩, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

এদিকে জেলাভিত্তিক হিসাবে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত সিলেটে ৬০, হবিগঞ্জে ১৭, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন মারা গেছেন। সব মিলিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত না হওয়া এবং মৃত্যুর খবর না থাকায় পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে হাসপাতালে ৪২১ জন রোগী চিকিৎসাধীন এবং এক দিনে নতুন করে ১৫১ জন ভর্তি হওয়ায় সামগ্রিক পরিস্থিতি এখনো উদ্বেগজনক।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর