হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটো গাড়িসহ মো. ময়না মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
হবিগঞ্জে ১ কোটি ২৮ লাখ টাকার কসমেটিক্স ও শাড়িসহ ট্রাক জব্দ
বিজিবি সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীনস্থ বাল্লা বিওপির একটি টহলদল চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। চুনারুঘাট উপজেলার সীমান্ত পিলার নম্বর ১৯৩৬/২-এস থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাটানীপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানের সময় একটি ব্যাটারিচালিত অটো গাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় অটো গাড়িসহ মো. ময়না মিয়াকে আটক করে বিজিবির টহলদল। আটক ময়না মিয়া চুনারুঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে।
হবিগঞ্জে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ওষুধ জব্দ
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বাল্লা বিওপির টহলদল দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২০ পিস ভারতীয় মণিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটো গাড়ি এবং আক্রমণের চেষ্টায় ব্যবহৃত একটি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করে। এ সময় দুইজনকে আটক করা হলেও জব্দকৃত মালামাল উদ্ধারের সময় আরও দুজন আসামি দৌড়ে পালিয়ে যায়।
প্রতিনিধি/ইএইচ




