রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

লক্ষ্মীপুরে মাদকাসক্তের লাগানো আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর 
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

লক্ষ্মীপুরে মাদকাসক্তের লাগানো আগুনে ৬ বসতঘর পুড়ে ছাই

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত যুবকের লাগানো আগুনে মালামালসহ ২৪ কক্ষের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

এদিকে আগুন লাগানো যুবক সোহেল হোসেনকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

তবে কী কারণে সোহেল পেট্রোল ঢেলে তার নিজের ঘরে আগুন লাগিয়ে দেয়, তা জানা যায়নি। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে অন্য ঘরগুলোতে, পুড়ে ছাই হয়ে যায় ছয়টি ঘর।  

অভিযুক্ত সোহেল সোনাপুর এলাকার মৃত মো. রফিকের ছেলে। তিনি চিহ্নিত মাদকসেবী বলে জানিয়েছে থানা পুলিশ।

Screenshot_2026-09-06_163325_copy 

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মাদকাসক্ত সোহেল তাদের ঘরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। ৯৯৯ নম্বরে কল পেয়ে রায়পুর ও সদরের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ২৪টি কক্ষের ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। 

আগুন লাগানোর ঘটনায় সোহেলকে মারধর করে স্থানীয়রা। পরে পুলিশ এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থলে আগুনে পোড়া বসতঘরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। ক্ষতিগ্রস্তদের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। 

রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস কার্যালয়ের লিডার সৈয়দ আহম্মদ বলেন, আগুনে মালামালসহ ২৪ কক্ষের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রায়পুরের দুটি ও লক্ষ্মীপুরের একটি ইউনিটসহ তিনটি ইউনিট কাজ করেছে। আগুনে পুড়ে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মাদকাসক্ত যুবক সোহেল ঘরগুলোতে আগুন দিয়েছে বলে অভিযোগ। তাকে আমরা অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। তার সঙ্গে কথা বললে ঘটনার বিস্তারিত জানা যাবে।  

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ঘটনাটি দুঃখজনক। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সহযোগিতা করা হবে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর