রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল, জানে না পুলিশ

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর মিছিল, জানে না পুলিশ
শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল। ছবি: ঢাকা মেইল

শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। এরই মধ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে শতাধিক লোকজন সড়কে বিক্ষোভ মিছিল করছেন।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ এবং ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় মিছিলের পাশ দিয়ে অটোরিকশা ও মাইক্রোবাস চলাচল করছিল। মিছিলের পেছনে একটি ট্রাক আটকে থাকতেও দেখা যায় ভিডিওতে।

তবে প্রকাশ্যে এমন মিছিলের বিষয়ে আগে থেকে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, তারা যে বিক্ষোভ মিছিল করবে, এমন কোনো তথ্য আমাদের কাছে ছিল না। জায়গাটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকা হওয়ায় তারা হুটহাট মোটরসাইকেল নিয়ে এসে মিছিল করে চলে যায়। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর