পটুয়াখালীর দশমিনা উপজেলায় গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে গেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের মাস্টারবাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন দশমিনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লিটু মিয়ার ছেলে শাকিল এবং একই গ্রামের মৃত খালেক গাজীর ছেলে মনির।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় এবং গরুটি কার, তা জানতে চান। এ সময় তিনজনের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। পরে শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয় লোকজন।
খবর পেয়ে দশমিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার বলেন, তাদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। এ কারণে স্থানীয় লোকজন কোনো গাড়ি বা সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে কয়েকজনকে ফোন করে তিনি আড়ালে অবস্থান নেন।
মমিন মাস্টার বলেন, কিছুক্ষণ পর তিনজন লোক তাদের বাড়ি থেকে একটি গরু নিয়ে এসে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করার চেষ্টা করলে দুজনকে আটক করা সম্ভব হয়। অন্যজন দৌড়ে পালিয়ে যান। পরে পুলিশে খবর দিয়ে আটক দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস




