হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার দুজনের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকসহ ১৯টি মামলা এবং অপরজনের বিরুদ্ধে মাদকসহ ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে মো. শাহিন মিয়া (৪৬) এবং পূর্ব লেঞ্জাপাড়া এলাকার আব্দুর রশিদ প্রকাশ রওশন আলীর ছেলে আফজল মিয়া প্রকাশ আবদাল মিয়া (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মুসার দিকনির্দেশনায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে দক্ষিণ লেঞ্জাপাড়া এলাকায় শাহিন মিয়ার নির্মাণাধীন টিনের বসতঘরে অভিযান চালানো হয়।
অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শাহিন মিয়া ও আফজল মিয়াকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে শায়েস্তাগঞ্জ থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম, এসআই (নিঃ) নয়নমনি দেব, এএসআই (নিঃ) মো. শাহজালালসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, গ্রেপ্তার শাহিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলাসহ ১৯টি মামলা রয়েছে। অপর আসামি আফজল মিয়া প্রকাশ আবদাল মিয়ার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টিসহ ৩টি মামলা রয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই নয়নমনি দেব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করেছেন। মামলাটি শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০২, তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৬। গ্রেফতার দুজনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/ এজে




