বিরোধী দলের লংমার্চ আয়োজনে বিরাট গাড়িবহরের দিকে প্রশ্ন রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন; গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে?
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, একদিকে বলছেন দেশে তেল নেই, গ্যাস নেই। অন্যদিকে এক হাজার, দুই হাজার, তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন। গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? লংমার্চ করে তেল নষ্ট না করে সংসদে এসে কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে লংমার্চ না করে সংসদে এসে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিয়মিত সংসদে আসছেন, সেখানে আপনাদের দাবি-দাওয়া তুলে ধরুন। আলোচনা ও বিতর্কের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্যার সমাধান করতে পারব। আমরা চাই সরকারি দল ও বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে জনগণের জন্য কাজ করবে।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকাতে হবে। বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের মধ্যে সারের সংকট রয়েছে— এমন ধারণা ছড়িয়ে তাদের ক্ষুব্ধ করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে সারের কোনো সংকট নেই বলেও জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকার গ্যাস উত্তোলনে কার্যকর উদ্যোগ না নেওয়ায় দেশে গ্যাস সংকট তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা রয়েছে। অচিরেই বিদ্যুৎসহ গ্যাসনির্ভর বিভিন্ন খাতে উন্নতির গতি আরও বাড়বে।
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ওই সময়ে দেশের শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব খাত পুনর্গঠন ও উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডকে সমর্থন করে না। যারা কোনো অন্যায় করেননি, তাদের যেন অন্যায়ভাবে হয়রানি করা না হয়। বিএনপির রাষ্ট্রনায়ক তারেক রহমানও কাউকে অন্যায়ভাবে হয়রানি না করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র্যালিটি। র্যালিতে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি মাহাবুব আলী মিঞা, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব মো. ফজলুর রহমান, সহকারী অ্যাটর্নি জেনারেল জুয়েল মুন্সি সুমন, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, তালুকদার মোরাদ হোসেন, জামাল মাতুব্বর ও মাহমুদ হাসান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন এবং গাছের চারা রোপণ করেন।
প্রতিনিধি/ এজে




