গাজীপুরের মৌচাক এলাকার ল্যাভেন্ডা ফ্যাশনের শ্রমিকদের বেতন ও কারখানার অন্যান্য খরচের এক কোটি টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শিল্প পুলিশ।
এ সময় লুণ্ঠিত ৯৭ লাখ টাকা উদ্ধারও করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন।
পুলিশ সুপার বলেন, গত ১ সেপ্টেম্বর চীনা ব্যবসায়ী তার রাজেন্দ্রপুরের অপর কারখানা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ক্যাডেট ক্লাবে যাচ্ছিলেন। তার বহনকারী গাড়ি পূর্বাচলে পৌঁছলে চীনা ব্যবসায়ীর গাড়িতে থাকা এক কোটি টাকা লুট করে পালিয়ে যায় তার ব্যক্তিগত গাড়িচালক জাহিদ হাসান।
তিনি বলেন, পরে অভিযোগের প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে শিল্প পুলিশ। এরপর জাহিদ হাসানকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ঝিনাইদহের হরিনাকুন্ড থেকে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। পরে তার সহযোগী মামা ও স্ত্রীকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে তাদের কাছ থেকে লুন্ঠিত নগদ ৯৭ লাখ ৩ হাজার টাকা, একটি মোবাইল ও আসবাবপত্র জব্দ করা হয়।
পুলিশ সুপার আমজাদ হোসাইন আরও বলেন, গ্রেফতারকৃতদের মামলার বিষয়টি যেহেতু রুপগঞ্জ থানায় তাই তাদের জব্দকৃত মালামালসহ তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
প্রতিনিধি/এএম




