শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করলে আবার যুদ্ধ হবে: মন্জু

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

বিএনপি প্রতিশ্রুতি রক্ষা না করলে আবার যুদ্ধ হবে: মন্জু
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু। ছবি: ঢাকা মেইল

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু বলেছেন, বিএনপি রাজপথে থেকে আমাদের সাথে যে ওয়াদা করেছে, সেই ওয়াদা রক্ষা না হলে সারাদেশে আবার যুদ্ধ হবে। আমরা আর কোনো যুদ্ধ চাই না, আপনারা আপনাদের ওয়াদা পূরণ করুন।  

শনিবার বিকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীর পথসভায় এসব কথা বলেন মঞ্জু।

তিনি বলেন, আমরা বাংলাদেশে আন্দোলন-সংগ্রামের সব ইতিহাস জানি। আমরা এখন লংমার্চ দিয়ে শুরু করেছি। জনগণের স্বার্থে প্রয়োজন হলে আমরা ঢাকাও ঘেরাও করতে জানি। কিন্তু আমরা এই মুহূর্তে ঢাকা ঘেরাও করতে চাই না। আমরা পথে পথে বিভিন্ন জায়গায় যাচ্ছি, মানুষের কাছে দাওয়াত দিচ্ছি।

জনগণের উদ্দেশে তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে আপনারা ঘুমিয়ে থাকবেন, নাকি জাগ্রত হবেন? আমাদের প্রত্যেকের আলাদা নাম ও পরিচয় আছে। কিন্তু কেউ যদি আমাদের অধিকার হরণ করতে চায়, মিথ্যা কথা বলে প্রতারণা করে, তখন আমরা আমাদের পরিচয় ভুলে একেকজনের নাম হয়ে যাব— শরীফ ওসমান হাদী, আবু সাঈদ।

আমাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল— সংবিধান সংস্কার করা হবে। বলা হয়েছিল, বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বলা হয়েছিল, সন্ত্রাস বন্ধ হবে। কিন্তু গত ছয় মাসে বিএনপির লোকেরা শুধু তাদের লোক হত্যা করেছে ৩১ জন।

কী আজব ব্যাপার, কী তাজ্জব ব্যাপার! ক্ষমতা কীভাবে মানুষকে বদলে দিতে পারে— আমরা অবাক হয়ে সেটাই দেখলাম।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুর রহীমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

এছাড়াও পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- লিবারেল ডেমোক্র্যেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।

ফেনীতে পথসভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর