ঝালকাঠিতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬৭৮ জনে পৌঁছেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক ডেঙ্গু রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার চারটি হাসপাতালে নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে ৪৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালে। চলতি বছর এ পর্যন্ত সেখানে ১ হাজার ২৪১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২১০ জন। বর্তমানে সেখানে ৩১ জন রোগী চিকিৎসাধীন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ২২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ২১৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১০৪ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে, কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১০১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে দুজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিনিধি/এজে




