সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘এই সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।’
তিনি বলেন, ‘আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরব। আমরা রাস্তায় নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।
প্রতিনিধি/এসএস




