শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, ক্ষুব্ধ হয়ে চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ এএম

শেয়ার করুন:

সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, ক্ষুব্ধ হয়ে চলে গেলেন বিরোধীদলীয় উপনেতা

কুমিল্লা সার্কিট হাউসের বরাদ্দ করা কক্ষে উইপোকার উপস্থিতি দেখে সেখানে রাত কাটাননি জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে তিনি সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত কাটান।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান।

দলীয় নেতাদের ভাষ্য, ১১ দলীয় লং মার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান ডা. তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বরাদ্দ করা হয়। রাত ১০টার দিকে তিনি কক্ষে বিশ্রাম নিতে গেলে সেখানে প্রচুর উইপোকা দেখতে পান।

কক্ষের আসবাবপত্র ও কম্বলেও উইপোকার উপস্থিতি দেখতে পেয়ে তিনি সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। একই সঙ্গে একটি কম্বলও চান। তবে তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে তার এপিএস আরিফুর রহমান মুঠোফোনে বিষয়টি কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরকে (এনডিসি) জানান। এরপরও কার্যকর ব্যবস্থা না হওয়ায় একপর্যায়ে সার্কিট হাউস ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ডা. তাহের।

আরও পড়ুন

ময়মনসিংহে ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা

এদিকে কক্ষে উইপোকার উপস্থিতির বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান বলেন, ‘কুমিল্লা সার্কিট হাউস সুসজ্জিত একটি আধুনিক ভবন। এটি দেখভালের জন্য সরকারি জনবলও আছে। কিন্তু ভিআইপি অতিথিদের আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক। সেখানে উইপোকার উপস্থিতি দেখা গেছে। অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পাওয়ায় আমাদের নেতা (ডা. তাহের) সার্কিট হাউস ছেড়ে অন্যত্র রাত কাটাচ্ছেন।’

এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে একটার দিকে কুমিল্লার নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে ফোন করা হলেও তিনি কল ধরেননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, নতুন এই সার্কিট হাউসে আরও কক্ষ খালি ছিল। কিন্তু অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় ডা. তাহের সার্কিট হাউস ছেড়ে চলে যান।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর