খেলাধুলার মাধ্যমে তরুণদের মাঠমুখী করার লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শুরু হয়েছে প্রাইজ মানি ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ পৌরসভার চরনুর আহমদ নূরানী জামে মসজিদসংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
স্টার ভয়েজ শায়েস্তাগঞ্জের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন ফ্রান্সপ্রবাসী সমাজসেবক ও ক্রীড়া সংগঠক বদরুল আলম তালুকদার। পাঁচগ্রাম ঐক্য পরিষদের মুরুব্বিদের সঙ্গে নিয়ে তিনি ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মাঠে উৎসবের আমেজ তৈরি হয়। বিকেল থেকে স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মাঠে জড়ো হতে থাকেন। পরে শত শত দর্শকের উপস্থিতিতে মাঠ ও আশপাশের এলাকা মুখর হয়ে ওঠে।
উদ্বোধনের পর সুরাবই ও বালাগঞ্জ দলের মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি পরিচালনা করেন কামাল আহমেদ। প্রাইজ মানি টুর্নামেন্ট হওয়ায় প্রথম ম্যাচ থেকেই খেলোয়াড়দের মধ্যে ছিল বাড়তি উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতা। খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকেরা।
অনুষ্ঠানের শেষ পর্বে টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য বদরুল আলম তালুকদারকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বদরুল আলম তালুকদার বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শায়েস্তাগঞ্জের বিভিন্ন এলাকায় এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, “এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করে আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ। আমি আপনাদের পাশে আছি। শুধু একটি মাঠে নয়, শায়েস্তাগঞ্জের বিভিন্ন স্থানে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা প্রয়োজন। এতে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে।”
স্থানীয়রা বলেন, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক ব্যস্ততার কারণে তরুণদের মাঠের খেলাধুলায় অংশগ্রহণ কমেছে। এ ধরনের আয়োজন তরুণদের মাঠমুখী করার পাশাপাশি বিভিন্ন এলাকার খেলোয়াড়দের মধ্যে পরিচয়, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন এলাকার একাধিক দল অংশ নিচ্ছে। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং শায়েস্তাগঞ্জে ফুটবলের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রতিনিধি/এসএস




