গাইবান্ধার গোবিন্দগঞ্জে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মজিবর রহমান (৬৫) নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগীর স্বজনরা জানায়, গোবিন্দগঞ্জ পৌরসভার মাগুড়া সোনারপাড়া এলাকার ওই শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় সে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত মজিবর বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের অগোচরে ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে বিদ্যালয়ের পাশে তার বাড়িতে ডেকে নিয়ে যায়।
এরপর বাথরুমের ভেতরে পায়জামা খুলে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি ভয়ে কান্নাকাটি করলে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, শিশু ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মজিবরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
প্রতিনিধি/এলএ




