শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে সাংবাদিকদের ‘হেনস্তা’, সংবাদ বর্জনের ঘোষণা

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

প্রতিমন্ত্রীর কর্মসূচিতে সাংবাদিকদের ‘হেনস্তা’, সংবাদ বর্জনের ঘোষণা
হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষে বের হচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি: ঢাকা মেইল

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কর্মসূচিতে সাংবাদিকদের ‘হেনস্তা’ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ও বিএনপির কর্মসূচির সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে জুমার নামাজের পর হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার কথা ছিল তার।

মুসল্লিদের চলাচলে বিঘ্ন না ঘটাতে সাংবাদিকেরা মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন। কিন্তু প্রতিমন্ত্রী বের হওয়ার সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ভিড় ও ধাক্কাধাক্কিতে সেখানে কাজের পরিবেশ নষ্ট হয় বলে সাংবাদিকরা জানান।

পরে সাংবাদিকরা মাজারের বাইরে চলে এলে ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিয়ে কয়েকজন নেতাকর্মী তাদের দিকে এগিয়ে আসেন।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় তাদের সঙ্গে মারমুখী আচরণ করা হয় এবং কয়েকজনকে হেনস্তা করা হয়। কেউ কেউ ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, কয়েকজন নেতাকর্মী ক্যামেরায় তাদের দেখানোর জন্য সাংবাদিকদের নির্দেশ দেন। একপর্যায়ে প্রতিমন্ত্রীর পাশে থাকা কয়েকজন নেতাকর্মী পেশাগত দায়িত্ব পালনরত টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার জন্য সাংবাদিকরা সরে যান।

সাংবাদিকদের দাবি, এ ঘটনায় সময় টেলিভিশনের রিপোর্টার অপু বণিক, যমুনা টেলিভিশনের রিপোর্টার নাবিল হোসেন, চ্যানেল ওয়ানের রিপোর্টার এম এ কাইয়ুম, ডিবিসি নিউজের তাওহিদুর রহমান শাহ, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ, কালের কণ্ঠের বিভাগীয় মাল্টিমিডিয়া ইনচার্জ কবির আহমদ, ডিবিসির ক্যামেরাপার্সন সাকিব আহমদ ও এটিএন নিউজের রিপোর্টার কামরুল ইসলাম মাহি আহত হন।

এ ঘটনার পর সাংবাদিকেরা তাৎক্ষণিক একত্রিত হয়ে প্রতিবাদ জানান।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, কী কারণে সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর