শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে এক দিনে সড়কে ঝরল ৫ প্রাণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে এক দিনে সড়কে ঝরল ৫ প্রাণ
দুর্ঘটনার শিকার কাভার্ডভ্যান। ছবি: ঢাকা মেইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে পৃথক দুর্ঘটনায় এক দিনে ৫ জন মারা গেছেন। এসব দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। 

শুক্রবার সকালে মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জে এবং ফেনীর মহিপাল ফ্লাইওভারের পশ্চিম পাশে এসব দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক মৃতদের পরিচয় শনাক্ত না হলেও রাতে প্রযুক্তির ব্যবহারে পুলিশ তাদের পরিচয় প্রকাশ করেছে।

সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেইনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। পরে গাড়িটি নিরাপদ স্থানে নেওয়ার জন্য চালক-হেলপার একটি লরি এনে কাভার্ডভ্যানে রশি লাগাচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী ইউনিক পরিবহন পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। তাৎক্ষণিক পুলিশ ও আশপাশের লোকজন এসে চারজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তিও মারা যান।

মৃতরা হলেন- ইউনিক বাসের চালক ঢাকার কেরানীগঞ্জের মীরবাগ এলাকার বাসিন্দা আবুল হোসেন (৬২), বাসের সুপারভাইজার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামের বাসিন্দা মো. শামীম হোসেন (৫৫), কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গ্রামের বাসিন্দা মো. আব্দুল আজিজ (৭১) এবং লরিচালক ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা মো. হোসেন (২৮)।

এদিকে সকাল ৮টার দিকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের পশ্চিম পাশে চট্টগ্রামমুখী লেইনে যাত্রী নামানোর সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান থাক্কা দিলে বাসযাত্রী মো. তবারক আলী ফটিক (৫৪) মারা যান। ফটিক চাঁপাইনবাবগঞ্জের সদর থানার সুন্দরপুর এলাকার আবদুল হাকিমের ছেলে। তার মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে মর্গে পৌছে দেয় পুলিশ।

মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই আবু নোমান ও মহিপাল হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে এসব দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর