ফেনীতে আবারও দাঁড়িয়ে থাকা একটি বাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. তাবারক আলী ফটিক (৫৪) নামে একজন নিহত হয়েছেন। এ সময় একজন আহত হন।
শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের পশ্চিম মাথায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাবারক আলী চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
এর আগে সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জে একটি দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় অন্তত তিনজন নিহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ‘পাতা এন্টারপ্রাইজ’ নামে একটি বাস যাত্রী নামানোর জন্য কে এম এইচ জুয়েল মার্কেটের সামনে দাঁড়ায়। বাস থেকে নেমে তাবারক আলী ওই বাসটির সামনে দাঁড়ায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনে থাকা তাবারক আলী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আসাদুল ইসলাম জানান, এ ঘটনায় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
প্রতিনিধি/এলএ




