শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পরীক্ষা হলে মা, শিশুর দায়িত্ব নিলেন কনস্টেবল শিল্পী

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

পরীক্ষা হলে মা, শিশুর দায়িত্ব নিলেন কনস্টেবল শিল্পী
পুলিশ কনস্টেবল শিল্পীর কোলে নিয়োগ পরীক্ষার্থীর শিশু সন্তান। ছবি: ঢাকা মেইল

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে ছোট শিশুকে সঙ্গে নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে এসেছিলেন এক নারী। পরীক্ষা শুরু হলে শিশুটিকে কার কাছে রেখে পরীক্ষার হলে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি। বিষয়টি নজরে পড়ে পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পীর। মায়ের পরীক্ষা নির্বিঘ্ন করতে শিশুটিকে কোলে তুলে নেন তিনি।

সাতক্ষীরা সরকারি কলেজে জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় এ ঘটনা ঘটে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পুলিশ কনস্টেবল শিল্পী সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত। পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করতে সেখানে গিয়েছিলেন তিনি।

পরীক্ষা শুরুর আগে ওই নারী প্রার্থী তার ছোট শিশুসন্তানকে নিয়ে কেন্দ্রে আসেন। পরীক্ষা শুরু হলে শিশুটিকে দেখাশোনা করার মতো কেউ না থাকায় বিপাকে পড়েন তিনি। তখন এগিয়ে আসেন কনস্টেবল শিল্পী। শিশুটিকে কোলে নিয়ে পুরো পরীক্ষার সময় স্নেহ ও যত্নের সঙ্গে তার দেখাশোনা করেন তিনি।

এতে নিশ্চিন্তে পরীক্ষার হলে যেতে পারেন শিশুটির মা। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত শিশুটিকে নিজের কাছে রাখেন কনস্টেবল শিল্পী।

কনস্টেবল শিল্পী বলেন, পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য আমরা সেখানে গিয়েছিলাম। পরে দেখি, একজন মা তার ছোট সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। শিশুটিকে দেখাশোনা করার কেউ ছিল না। তাই পুরো সময় শিশুটিকে আমার কাছে রেখেছি।

ঘটনাটি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অনেকের নজর কাড়ে। দায়িত্ব পালনের পাশাপাশি একজন পুলিশ সদস্যের এমন মানবিক আচরণের প্রশংসা করেন তারা।

একজন মা যাতে সন্তানের চিন্তায় পরীক্ষায় মনোযোগ হারিয়ে না ফেলেন, সে বিষয়টি বিবেচনায় নিয়ে কনস্টেবল শিল্পীর এগিয়ে আসাকে মানবিকতার একটি দৃষ্টান্ত হিসেবে দেখছেন উপস্থিত ব্যক্তিরা। 

তাদের মতে, দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি সহমর্মিতার এমন আচরণ পুলিশের জনবান্ধব ভাবমূর্তিকে আরও ইতিবাচকভাবে তুলে ধরে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর