যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সামনের ইঞ্জিনের পাশে আটকে যায়। এ সময় বাসটি ফেলে চালক ও সহকারীরা পালিয়ে যান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মজুমদার ব্রান অয়েল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মশরহাটী গ্রামের হাকিম গাজীর ছেলে আমজেদ গাজী (৫৪) এবং লক্ষীপুর গ্রামের মৃত মালেক সরদারের স্ত্রী আছিরন বিবি (৬৫)। তারা সম্পর্কে ফুফু-ভাতিজা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন আমজেদ গাজী ও আছিরন বিবি। এ সময় যশোর থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৪৮৪) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশের ইঞ্জিনের পাশে আটকে যায়।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারীরা বাসটি ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় গুরুতর আহত দুজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজনিন নিগার জানান, আমজেদ গাজীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত আছিরন বিবি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম বলেন, বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বাসের চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। তাদের আটকের জন্য অভিযান চলছে।
প্রতিনিধি/এলএ




