শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কুষ্টিয়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

শেয়ার করুন:

কুষ্টিয়ায় নিখোঁজের ৩ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের ৩ দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় হাসনা খাতুনের কোমরে দড়ি দিয়ে বালির বস্তা বাঁধা ছিলো, যা নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাসনা খাতুন মিরপুর উপজেলার বহলবাড়ী ইউনিয়নের খাড়ারা গ্রামের করিম আলীর স্ত্রী।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার রাত ১২টার দিকে ছেলে হাসান আলীর সঙ্গে সর্বশেষ কথা হয় হাসনা খাতুনের। এরপর নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। 

মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘরে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি জানিয়ে মিরপুর থানায় বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর শুক্রবার সকালে গোবিন্দগুনিয়া এলাকার জিকে খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্বজনরা গিয়ে মরদেহটি হাসনা খাতুনের বলে শনাক্ত করেন।

নিহতের স্বজনদের দাবি, হাসনা খাতুনকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ জিকে খালে ফেলে দেওয়া হতে পারে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। ৩ দিন নিখোঁজ থাকার পর বৃদ্ধার মরদেহ উদ্ধার এবং কোমরে বালির বস্তা বাঁধা থাকার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মাহমুদুল হক মজুমদার বলেন, গতকাল নিহতের ছেলে থানায় একটি জিডি করেছিল। আজ ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে মর্গে লাশটি পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

প্রতিনিধি/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর