শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সব ধর্মের মানুষ এ দেশের সমান অংশীদার: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

সব ধর্মের মানুষ এ দেশের সমান অংশীদার: কৃষিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। ছবি: ঢাকা মেইল

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ সমান অংশীদার। দেশকে সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ করে গড়ে তোলার দায়িত্বও সবার।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা- মানবকল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। মানুষের কল্যাণ নিশ্চিত হলেই সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত হবে।

তিনি বলেন, এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের সবার। এ দেশে যারা বসবাস করেন, তারা সবাই দেশের সমান অংশীদার। তাই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্বও সবার।

মন্ত্রী আরও বলেন, পূর্বসুরীরা আমাদের জন্য একটি সুন্দর দেশ রেখে গেছেন। আগামী প্রজন্মের জন্য আরও উন্নত, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা বর্তমান প্রজন্মের অন্যতম দায়িত্ব। সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ হবে। 

সমাজে কিছু অসাধু ও দুষ্কৃতিকারী মানুষ সব সময়ই ছিল এবং এখনও আছে উল্লেখ করে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ ন্যায়, কল্যাণ ও সুন্দরের পক্ষে। 

অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ভালো মানুষগুলো একসঙ্গে দাঁড়ালে কোনো অন্যায় বা অপশক্তি সমাজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি কুমিল্লার আহ্বায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও জেলা প্রশাসক রোজী আক্তার।

অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী দিলীপ নাগ কানাই, যুগ্ম আহ্বায়ক শ্রী সুব্রত চৌধুরী তপু ও শ্রী সঞ্জিত দেবনাথসহ কুমিল্লার সনাতনী সমাজের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

পরে কৃষিমন্ত্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর