বি-কোম্পানির নাম ও ব্যানার ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে চট্টগ্রাম থেকে মো.হাসিবুর রহমান ফরাজী হাসিব খান (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে চট্টগ্রাম মহানগরীর মধ্যম হালিশহর থানাধীন নীলাচল আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারের পর তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা মহানগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মোবাইল ফোনে হুমকি দিয়ে ‘বি কোম্পানি’ নাম ও ব্যানার ব্যবহার করে চাঁদা দাবি ও আদায়ের অভিযোগ পাওয়া যায়। এর ভিত্তিতে কেএমপি গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় চাঁদাবাজির সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তির অবস্থান চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, উদ্ধার করা মোবাইল ফোন ও সিম কার্ড ব্যবহার করে খুলনা মহানগরীর বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতো। এ সময় ‘বি কোম্পানির নাম ব্যবহার করে চাঁদা দাবি করা এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মোবাইল ফোন ও সিম কার্ডের কললিস্টসহ বিভিন্ন ডিজিটাল তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এর মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
কেএমপি আরও জানায়, ‘বি কোম্পানির নাম ব্যবহার করে চাঁদাবাজি ও হুমকির সঙ্গে জড়িত প্রত্যেককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
গ্রেফতার হাসিবুর রহমানের বিরুদ্ধে কেএমপির বিভিন্ন থানায় অস্ত্র আইন, হত্যা, চাঁদাবাজি ও হুমকিসহ বিভিন্ন ধারায় মোট ছয়টি মামলা রয়েছে।
প্রতিনিধি/ এজে




