অপহরণ ও চাঁদাবাজির একটি মামলায় ফেনী জেলা ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি জামশেদুর রহমান ফটিককে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার তিনি ফেনী যুগ্ম জেলা ও দায়রা জজ মো. জাহিদ হোসাইনের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
ফেনীর কোর্ট পুলিশের পরিদর্শক এসএম আতিক উল্লাহ বলেন, জামশেদুর রহমান ফটিক নামে ওই ব্যক্তির বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি অপহরণ ও চাঁদাবাজি মামলা ছিল। তিনি ওই মামলার একমাত্র আসামি। জামিনে গিয়ে তিনি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট ইস্যু করে। তিনি বৃহস্পতিবার সকালে ফেনীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান জানান, ফটিকের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা আছে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন বলেন, জামসেদুর রহমান ফটিককে ফেনী জেলা ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। তার কৃতকর্মের দায়ভার দল নেবে না।
এর আগে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের মার্চ মাসে কাজী জামশেদুর রহমান ফটিককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করে।
প্রতিনিধি/এলএ




